বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ফুলের তোড়া পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা এ ফুলের তোড়া পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে তোড়া গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি অবস্থায় চিকিৎসাধীন। রোববার রাত আটটায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে তার শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। তার একাধিক জটিল রোগ থাকার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় এবং এতে ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার কিছু রিপোর্ট ভালো এবং কিছু রিপোর্ট আশঙ্কাজনক এসেছে।