খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ারে এলেন আইন উপদেষ্টা

0
32

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক পরিস্থিতির বিষয়ে অবহিত হন।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, আইন উপদেষ্টা হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল থেকে ফিরে শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন অধ্যাপক আসিফ নজরুল। সেখানে তিনি লিখেন, “এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।”

ফখরুল বললেন ‘অবস্থা অত্যন্ত সংকটময়’ এর আগে শুক্রবার বাদ জুম্মা রাজধানীর পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা জানিয়েছেন যে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছি এবং সারা দেশের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

হাসপাতালে ভর্তির প্রেক্ষাপট মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। ওই রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক মনিটরিং করছেন।