শেষ ওভারে রোমাঞ্চ জয়ে সিরিজে সমতা ফিরাল বাংলাদেশ

0
19

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে শেষ ওভারের রোমাঞ্চে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২ বল হাতে রেখে পাওয়া এই জয় বিশ্বকাপ প্রস্তুতির সিরিজে ১–১ সমতা এনেছে লিটন দাসের দল।

এর আগে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ৬ উইকেটে ১৭০ রান। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৭৪ করে ম্যাচ শেষ করে টাইগাররা।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। তবে ভুল বোঝাবুঝিতে ১০ বলে ৭ রানে রানআউট হয়ে ফেরেন তানজিদ তামিম। তবুও পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ১ উইকেটে ৬৬ রান।

ইমন খেলছিলেন আত্মবিশ্বাসী ইনিংস। ২৮ বলে ৪৩ করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি। সঙ্গী লিটন দাস ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। কিন্তু ১৫তম ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরলে চাপ বাড়তে থাকে।

একটু পরই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন সাইফ হাসান (১৭ বলে ২২), এরপর রানআউট তাওহিদ হৃদয় (৯ বলে ৬) এবং বোল্ড হয়ে ফেরেন নুরুল হাসান সোহান (৭ বলে ৫)। ৬ উইকেটে বাংলাদেশ হঠাৎ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে।

চাপে পড়া দলকে বাঁচাতে এগিয়ে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৭ বলে ১৭ রানে অপরাজিত থেকে শেষ মুহূর্তে ম্যাচ ফিরিয়ে আনেন তিনি। তার সঙ্গে ৩ বলে ১ ছক্কায় শেখ মেহেদি হাসানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার জোড়া ছক্কার একটিতেই শেষ হয় ম্যাচ।

এর আগে টস হেরে ব্যাট করে আয়ারল্যান্ড ঝড়ো শুরু করে। ফ্লাডলাইট বিভ্রাটে ১২ মিনিট খেলা থেমে থাকলেও তাতে তাদের ছন্দ নষ্ট হয়নি। আইরিশদের হয়ে সবচেয়ে বড় ইনিংস আসে লরকান টাকারের ব্যাট থেকে—৩১ বলে অপরাজিত ৪১।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল শেখ মেহেদি হাসান, তিনি ৪ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ১টি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরেছে। সিরিজ জয়ের লড়াই এখন শেষ ম্যাচে গড়িয়েছে।