আফগান নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

0
17

জাতীয় নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বজুড়ে অবস্থিত সব মার্কিন দূতাবাস এবং কনস্যুলার দপ্তরে এ সংক্রান্ত জরুরি তারবার্তা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে আফগান পাসপোর্টধারী কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। অভিবাসী (Immigrant), অ-অভিবাসী (Non-immigrant) এবং বিশেষ অভিবাসন ভিসা (SIV)—সব ক্যাটাগরির ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এমনকি যাদের ভিসা প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, তা তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কো রুবিও’র বার্তা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। তিনি লিখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে। যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে কোনোভাবেই আপস করা হবে না।”

ওয়াশিংটনে গুলিবর্ষণ এই কঠোর সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনা। ওইদিন রহমানউল্লাহ লাকনওয়াল নামের এক আফগান নাগরিক মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুইজন সদস্য গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করেন।

অনুসন্ধানে জানা যায়, হামলাকারী রহমানউল্লাহ আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন বাইডেন প্রশাসনের সহায়তায় তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বজুড়ে দূতাবাসগুলোতে পাঠানো তারবার্তার মাধ্যমে ট্রাম্প প্রশাসন আফগান নাগরিকদের বিষয়ে তাদের কঠোর অবস্থান আরও স্পষ্ট করল।