ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
রোববার (৩০ নভেম্বর) সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশজুড়ে এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ৬০ ঘণ্টার ড্রাইভিং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশে মোট দুর্ঘটনার ৭৩ শতাংশের পেছনে মোটরসাইকেল জড়িত। তাই মানসম্পন্ন এবং বিআরটিএ অনুমোদিত হেলমেট ব্যবহারে সকলকে উৎসাহিত করেন তিনি।
এর আগে সকালেই সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডালিম উদ্দিন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।