হিরো আলম হামলা মামলা: দুই আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
23

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় দুই আসামি—কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন। মামলাটি রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছিলেন। এ ঘটনায় হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেন। তিনি জানান, আসামিরা জামিনের শর্ত লঙ্ঘন করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় ও ছয়জন অজ্ঞাত ব্যক্তি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করেন। পরে তাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে গিয়ে কাঠের লাঠি ও ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করেন এবং ম্যাক্স ওভি তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে চলে যান। স্থানীয়দের সহায়তায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে হিরো আলম বাড্ডা থানায় মামলা দায়ের করেন।