ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও ৩৬ আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে নতুন তালিকাতেও জায়গা হয়নি দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার।
বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, এখনও শূন্য রয়েছে ২৮টি আসন।
যদিও রুমিন ফারহানা তালিকায় নেই, তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ফলে তাকে নিয়ে দলীয় মহলে নানা আলোচনা চলছে।
এদিকে প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। পরে তার প্রার্থিতা স্থগিত করা হলে নতুন তালিকায় ঐ আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী রুমিন ফারহানা। তার গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে; বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বসবাস করেন।
উল্লেখ্য, বিজয়নগর উপজেলাটি পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্গত ছিল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অংশ ছিল। বর্তমানে পুরো উপজেলাই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতায়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে জয়ী হন তাহের উদ্দিন ঠাকুর।
বিএনপির বাকি ২৮টি আসনে কারা মনোনয়ন পাবেন, তা নিয়ে এখন নেতা-কর্মীদের মধ্যে বাড়ছে জল্পনা-কল্পনা।