কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য নির্ধারিত যাত্রার প্রক্রিয়া শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা নির্ধারিত সময়ে আসছে না। ফলে তার বিদেশযাত্রা অন্তত এক দিন পিছিয়ে গেল।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। আশা করছি, আগামীকাল আসবে।”
তিনি বলেন, বিমান ছাড়ার সময় পুরোপুরি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। “ম্যাডামের শরীর যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ ৭ তারিখ তিনি ফ্লাই করবেন,” বলেন মহাসচিব।
লন্ডন যাত্রা পিছিয়ে গেলেও বৃহস্পতিবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির একটি সূত্র জানায়, ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে যাবেন এবং তার কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করানো হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, বিমানে যাত্রার সময় যেকোনো প্রতিকূলতায় যেন যথাযথ চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপির পক্ষ থেকে বহুবার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হলেও আওয়ামী লীগ সরকার তা অনুমোদন করেনি বলে তারা অভিযোগ করে আসছে।