মায়ের সঙ্গে সময় কাটিয়ে আবারো হাসপাতালে ডা. জুবাইদা রহমান

0
27

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিবিড়ভাবে দেখভাল করার জন্য পুনরায় এভারকেয়ার হাসপাতালে এসেছেন তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালে আসেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।

রুমন জানান, ডা. জুবাইদা রহমান কিছু সময় ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মায়ের (সৈয়দা ইকবাল মান্দু বানু) সঙ্গে কাটানোর পর বিকালে পুনরায় হাসপাতালে ফিরে আসেন। গতকাল শুক্রবার গভীর রাতে তিনি হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছিলেন।

ডা. জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। লন্ডন থেকে শুক্রবার সকালে ঢাকায় আসার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন। আগের বৈঠকগুলোতে ভার্চ্যুয়ালি যুক্ত থাকলেও গতকাল তিনি সশরীরে অংশ নেন।

রুমন আরও জানান, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে দেখভাল করছেন। ধানমন্ডির বাসায় অবস্থানকালেও তিনি টেলিফোনে নিয়মিত শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছেন।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে গত ২৩ নভেম্বর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া।