মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
নোটিশে জানানো হয়েছে, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (মোট ৯ দিন) জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে উন্নয়নমূলক কাজ পরিচালিত হবে।
নোটিশে আরও বলা হয়, সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান দর্শনার্থীদের প্রবেশে এ নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।