ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ হেভিওয়েট আসামি হাজির

0
20

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে হত্যা ও গণহত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ দেশের বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়া হয়।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে আনা আসামিদের মধ্যে রয়েছেন:

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

  • সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

  • সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

  • সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

  • সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

  • সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান

  • ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

  • জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

  • সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

  • সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম

  • সাবেক এমপি সোলায়মান সেলিম

  • সাবেক এমপি ফারুক খান

  • সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী

  • শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

  • সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

আসামিদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশন আলাদা ফরমাল চার্জ দিয়েছে।

  • ইনু: তার মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

  • পলক: জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। জয়ের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • আনিসুল ও সালমান: তাদের ফরমাল চার্জে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল-১ আজকের মধ্যে সময় দিয়েছিলেন। তবে প্রতিবেদন জমা না হওয়ায় নতুন করে সময় দেওয়া হতে পারে।

এদিকে, শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।