নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী জানুয়ারির মধ্যেই সব নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে।

সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো পর্যায়ে রয়েছে এবং সব নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। তিনি জানান, প্রশিক্ষণের মান যাচাই করতে তিনি নিজে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোটগ্রহণের সময়সূচি প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানান: ভোটের সময়: এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। (আগে যা ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)। সূর্যের আলো কমে যাওয়ার পর ভোট গণনা করতে হয় বলে ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গণভবনকে ‘জুলাই জাদুঘর’ হিসেবে জনগণের জন্য অচিরেই খুলে দেওয়া হবে।

রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আমার কাছে যদি ম্যাজিক থাকতো… তাহলে আমি বলতাম— এখন আর কোনও কিলিং-টিলিং হবে না। কিন্তু আমার কাছে সে রকম কোনও ম্যাজিক নেই।’’

জাতীয় পার্টি মাঠে নামতে পারছে না— এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘‘পুরো মাঠ তো রাজনৈতিক দলগুলোই গরম করে রেখেছে। সবাই তো আছে। এখন অনেকেই ঘর থেকে বের হতে চায় না ঠান্ডা লাগবে বলে… তাদের তো আমরা বাধা দিচ্ছি না।’’ তিনি জাতীয় পার্টির কার্যালয় সমস্যাকে তাদের ‘নিজেদের ভেতরের সমস্যা’ বলে উল্লেখ করেন।

এছাড়াও, জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও তিনি জানান যে, এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে।