দেশে প্রথমবার নতুন মাদক ‘এমডিএমবি’র বড় চালান জব্দ, চক্রের সবাই গ্রেপ্তার

0
107

দেশে প্রথমবারের মতো নতুন ধরনের মাদক এমডিএমবি’র একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্যাপ/ই-সিগারেটের মাধ্যমে গোপনে এই মাদক সরবরাহ করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া থেকে আমদানি করা এমডিএমবি মাদকের বিরাট চালান জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদক সরবরাহকারী চক্রের মূলহোতাসহ সব সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, এমডিএমবি একটি কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক, যা গাঁজার প্রাকৃতিক উপাদানের মতো কাজ করলেও অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর। এটি ‘নতুন মনস্তাত্ত্বিক পদার্থ’ (New Psychoactive Substance) হিসেবে পরিচিত, যা প্রচলিত অনেক মাদকের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাদক সেবনে তীব্র হ্যালুসিনেশন, হৃদরোগ, মানসিক বিকার, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাধারণ মাদকাসক্তদের জন্যও এটি মারাত্মক হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।