চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার, বিদেশি অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

0
50

চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত দুজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বিজিবির সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

এদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আজমতপুর বিওপির সদস্যরা রোববার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকায় পৃথক এক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। সীমান্তের মেইন পিলার নম্বর ১৮২ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৭২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন নতুন নেশাজাতীয় ট্যাবলেট ও মাদক চোরাচালান হচ্ছে। সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে বলে তিনি জানান।