ষড়যন্ত্র থেমে নেই, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

0
37

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে কঠিন সময় আসছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই উল্লেখ করে দলীয় নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার জোরালো আহ্বান জানিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি একই সাথে ছিল তাঁর দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রাক্কালে প্রবাসীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠান।

তারেক রহমান উপস্থিত প্রবাসীদের উদ্দেশে বলেন: ‘‘আমি এক বছর আগে আপনাদের বলেছিলাম, সামনে কিন্তু কঠিন সময়। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন… কাজেই সকলকে সজাগ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

হলভর্তি প্রবাসীরা উচ্চকণ্ঠে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলেই দল তাদের ‘দেশ গড়ার পরিকল্পনা’ সফল করতে পারবে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তিনি যুক্তরাজ্যে জবাবদিহিমূলক ব্যবস্থার উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সেনাসমর্থিত সরকারের সময় গ্রেপ্তার ও অসুস্থতার কারণে ২০০৮ সাল থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন।

তবে তিনি নেতাকর্মীদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন: ‘‘দয়া করে ২৫ ডিসেম্বর আমার দেশে ফেরার দিন কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে, এরা সব বাংলাদেশি। এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে।’’

যারা তাঁর এই অনুরোধ রাখবেন, তিনি ধরে নেবেন তারা দেশ ও দলের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশকে একটি সুখী ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য প্রণীত তাঁর ‘দেশ গড়ার পরিকল্পনা’গুলো তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্বাস্থ্য কার্ড এবং বেকার সমস্যা সমাধান ইত্যাদি বিষয় ছিল।

তিনি এই নির্বাচনকে ‘এক্সপেরিমেন্টের বিষয় না’ উল্লেখ করে বলেন, প্রবাসীদের এখন বিশাল দায়িত্ব হচ্ছে সঠিক পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এমন দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের সমর্থন নিয়ে তাঁর দল আগামীতে সরকার গঠন করবে।