রাজশাহী আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বিক্ষোভকারীরা

0
67

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর তার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা রাজশাহীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি রাত সাড়ে ১২টার দিকে ভাঙচুর শুরু হয় এবং তা চলে ভোর সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও জুলাই মঞ্চ, এনএসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। আন্দোলনকারীরা এসময় ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’—ইত্যাদি স্লোগান দেন।

এই হামলার কিছুক্ষণ আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, “রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দূর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা ‘জোহা চত্বরে’ চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।”

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে দিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী’র ব্যানারে মিছিল নিয়ে এই বিক্ষোভে যোগ দেন। এরপরই বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া শুরু হয়।