কুমারখালীতে কৃষকের পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ, ব্যাপক ক্ষতির মুখে চাষি

0
98

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক কৃষকের ১০ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি জোতমোড়া গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সরেজমিন পশ্চিমপাড়া মাঠে গিয়ে দেখা যায়, সেখানে কলা, বেগুন, শাক-সবজি, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন ফসলের চাষ হয়েছে। ওই মাঠেই বাদশা হোসেনের পেঁয়াজের বীজতলা ছিল। তবে বীজতলায় জন্মানো রোপণযোগ্য প্রায় ৯০ শতাংশ চারা কেটে ফেলা হয়েছে। ক্ষতির দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা হোসেন।

তিনি বলেন, ‘১০ শতাংশ জমিতে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম। এই চারা দিয়ে তিন বিঘা জমিতে পেঁয়াজ রোপণের প্রস্তুতি চলছিল। হঠাৎ সকালে এসে দেখি সব শেষ। রাতের আঁধারে শত্রুতা করে আমার ৯০ শতাংশ চারা কেটে ফেলা হয়েছে। এবার কীভাবে পেঁয়াজ চাষ করব? সারা বছর পরিবার নিয়ে কীভাবে চলব?’

বাদশা হোসেন আরও জানান, বীজ, জমি চাষ ও পরিচর্যার পেছনে তার প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর একই পরিমাণ জমির চারা দিয়ে তিনি তিন বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন করেছিলেন, যা কয়েক লাখ টাকায় বিক্রি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি থানায় মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’