কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

0
50

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টোররুমে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে অফিসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে অফিসের প্রহরী ও স্থানীয়দের প্রচেষ্টায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলার স্টোররুমের জানালার ফাঁক দিয়ে দুর্বৃত্তরা ভেতরে আগুন ধরিয়ে দেয়।

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মূল ভবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের জানালার পাশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।