আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয়বারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বেগম খালেদা জিয়ার পক্ষে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, “বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার নিজের আসন। এই এলাকার মানুষ প্রিয় নেত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতাকর্মীদের বিপুল চাহিদার কারণে তিনটি আলাদা স্থান থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হচ্ছে। গাবতলীর পর শাজাহানপুরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা স্ব–স্ব রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এর আগে গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।