গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

0
51

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় প্রথম একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগেই আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় তা পাশের আরও একটি গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মর্ডান ও সারাবো ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।