নাইজেরিয়ায় সোকোতোতে আইএস ও ডাকাত গ্যাংয়ের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

0
37

নাইজেরিয়ায় সক্রিয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী লাকুরাওয়া এবং বিভিন্ন ডাকাত গ্যাংয়ের স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান পরিচালিত হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিনি জানান, নাইজেরিয়া সরকারের পূর্ণ সম্মতিতেই এ অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল, আইএসের সাহেল শাখার কয়েকজন সদস্য নাইজেরিয়ায় প্রবেশ করে লাকুরাওয়া গোষ্ঠীসহ বিভিন্ন ডাকাত গ্যাংকে প্রশিক্ষণ দিচ্ছিল। এ তথ্য নিশ্চিত হওয়ার পরই অভিযানের অনুমোদন দেওয়া হয়।

আফ্রিকার সাহেল অঞ্চল সাহারা মরুভূমি ও দক্ষিণের তৃণভূমির মাঝামাঝি বিস্তৃত একটি আধা-শুষ্ক এলাকা, যা আটলান্টিক মহাসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ ও সুদানসহ একাধিক দেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। এই এলাকায় আইএসের সক্রিয় শাখাটি ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স (আইএসএসপি) নামে পরিচিত।

নাইজেরিয়া সরাসরি সাহেল অঞ্চলের অংশ না হলেও দেশটিতে আইএসের তৎপরতা পুরোপুরি নেই—এমন নয়। সংগঠনটি এখনও সেখানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী না হলেও প্রতিবেশী নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে তাদের প্রভাব ব্যাপক। নাইজেরিয়ার অনেক ডাকাত গ্যাং ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকেও নিয়মিত অস্ত্র ও রসদ সহায়তা দিয়ে থাকে আইএসএসপি।

দানিয়েল বিওয়ালা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে। কতগুলো স্থাপনায় আঘাত হানা হয়েছে বা কতজন হতাহত হয়েছে—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা অভিযানকে সফল বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গি, সন্ত্রাসী ও ডাকাত গোষ্ঠীর লুটপাট, অপহরণ ও হত্যাকাণ্ডে দেশটি বিপর্যস্ত। এই সংকট থেকে মুক্তি পেতেই সরকারের সম্মতিতে এমন অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: এএফপি