জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহের আকুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শফিকুল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি আকুয়ায় নিজের বাড়িতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় একটি শর্টগান জব্দ করে তার ভাতিজাকেও গ্রেপ্তার করা হয়েছে।’
সফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জাসদের এই নেতাও জড়িত রয়েছে বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদসহ অনুসন্ধান চলছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আজ (শনিবার) আদালতে তোলা হবে।’

