বছরের শেষ দিনে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

0
80

২০২৫ সালের ৩১ ডিসেম্বর, বুধবার, বছরের শেষ দিনটিতে ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

যদিও উৎপত্তিস্থল সমুদ্র উপকূলের কাছাকাছি ছিল, তবুও জাপানের আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি, ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও আবহাওয়া দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত নভেম্বর ও ডিসেম্বর মাসে এটি নিয়ে জাপানে মোট চারটি ভূমিকম্প হলো। এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প পরপর আঘাত হেনেছিল। এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যেখানে ৩০ জন আহত হয়েছিলেন। সেবার সুনামি সতর্কতা জারির কারণে প্রায় ৯০ হাজার মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভৌগলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগর অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর উপর দেশটি অবস্থিত। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ২০ শতাংশই জাপানে ঘটে থাকে এবং দেশটিতে প্রতি পাঁচ মিনিটেই একবার করে ভূমিকম্প অনুভূত হয়।

জাপানে রেকর্ড করা সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্পটি ঘটেছিল ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার সেই বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি