খালেদা জিয়ার ৩ আসনে বিএনপির প্রার্থী হবেন যারা

0
35

বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করার কথা ছিল, সেসব আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ আছে কি না— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনে সে ধরনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, “যদি মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটত, তাহলে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসতে পারত। কিন্তু বাছাইয়ের আগেই তিনি ইন্তেকাল করেছেন। আইনগতভাবে তিনি এখন আর লিগ্যাল এন্টিটি নন। ফলে তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকলে তারাই প্রার্থী হবেন।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে এসব আসনে আগেই বিএনপি বিকল্প প্রার্থী মনোনীত করে।

ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন এসব আসনে তারাই বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।