মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ

0
74

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুম শুরুর আগেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে, বোর্ড কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দিয়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।’

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে তার এই অন্তর্ভুক্তিকে ঘিরে ভারতেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।

ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়ার নজির নতুন নয়। বিসিসিআইয়ের এই বাংলাদেশবিরোধী হস্তক্ষেপে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যে, আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না। এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ হলো—এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় একজন কার্যকর বিকল্প খুঁজে বের করা।