সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি আবেদনকারীদের নিজ নিজ জেলায় নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের দুপুর ২টার মধ্যেই নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে; এর পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত পরিবর্তিত তথ্য প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা একই প্রবেশপত্র ব্যবহার করেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেসব প্রার্থী এখনো প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তারা admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাসের সন ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনাসহ পরীক্ষাসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। ফলে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।