নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির প্রয়াত নেতা সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী বেগম হাসনা জসিম উদ্দিন মওদুদ। দলীয় শীর্ষ নেতৃত্বের আহ্বান ও সংগঠনের ঐক্য রক্ষার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, রোববার (৪ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
পোস্টে হাসনা জসিম উদ্দিন মওদুদ আরও উল্লেখ করেন যে, দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি নোয়াখালী-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি সবসময় দল ও নেতৃত্বের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে এসেছেন এবং সেই নীতির ধারাবাহিকতা বজায় রেখেই তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করছেন।
উল্লেখ্য, এর আগে দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তিনি নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার এই সিদ্ধান্তে নোয়াখালী-৫ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।