২০২৬ বিশ্বকাপের লক্ষ্য: সান্তোসে চুক্তির মেয়াদ বাড়ালেন নেইমার

0
24

বারবার চোটের আঘাতে ক্যারিয়ারে বাধা এলেও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন এখনো অটুট রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই লক্ষ্য পূরণের যাত্রায় নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের নতুন চুক্তির মেয়াদ থাকবে ২০২৬ সালের শেষ পর্যন্ত।

গত ডিসেম্বরে সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকলেও জাতীয় দলে ফেরার প্রস্তুতি এবং পূর্ণ শারীরিক ফিটনেস অর্জনের জন্য তিনি পরিচিত পরিবেশেই থাকার সিদ্ধান্ত নেন। চুক্তি নবায়নের পর এক আবেগঘন বার্তায় নেইমার জানান, সান্তোস তার ঘর এবং অপূর্ণ স্বপ্নগুলো তিনি এই ক্লাবের সঙ্গেই অর্জন করতে চান।

২০২৫ সালের শুরুতে সান্তোসে ফেরার পর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। তবে অল্প সময়ের উপস্থিতিতেও দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। আগামী মার্চের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট হিসেবে প্রমাণ করা এখন তার জন্য বড় চ্যালেঞ্জ, যাতে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারেন।