সীমান্ত পেরিয়ে আসা দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

0
32

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি জেলেদের হাতে আটক হওয়া দুই ভারতীয় নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ফেরত দেওয়া হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক শেষে বুধবার বিকেলে তাদের সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

ফেরত দেওয়া ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাচ্চন মহালদার ও রাজু মহালদার। তারা দুজনেই পেশায় মৎস্যজীবী।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের জলসীমায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। একপর্যায়ে বাচ্চন ও রাজু সীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়লে স্থানীয় জেলেরা তাদের ধরে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি সদস্যরা কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে বিজিবির আহ্বানে সাড়া দিয়ে ওই দিন বিকেল ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে বিজিবি সদস্যরা ওই দুই জেলেকে বিএসএফের কাছে হস্তান্তর করেন। অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় মানবিক দিক বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বদেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।