ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মন জয় করা এই নায়িকা ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকা মিমি নিজেই জানিয়েছেন, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাধিক ছবি পোস্ট করে মিমি জানান, আগামী ২৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৩ জানুয়ারি আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এ বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’ শেয়ার করা ছবিগুলোতে মিমিকে দেখা গেছে বেশ বোল্ড ও স্টাইলিশ লুকে। খোলা চুল, কানে বড় ঝুমকো দুল আর কালো ওড়নায় মোড়ানো তার রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বিশেষ করে তার চোখের গভীর অভিব্যক্তি নিয়ে ভক্তদের মাঝে বেশ চর্চা চলছে।
ছবি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন মিমি। জানা গেছে, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ একটি হরর-কমেডি বা ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা। এই সিনেমায় মিমিকে সচরাচর দেখা ইমেজের বাইরে একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এমন ব্যতিক্রমী সিনেমার ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা।