বাংলাদেশে এসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।
দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, তিনি বাংলাদেশে ফিরতে পেরে খুবই আনন্দিত। তিনি জানান, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি উচ্ছ্বসিত। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার জন্য প্রতিদিন নিরলসভাবে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
গত বছরের সেপ্টেম্বর পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ডিসেম্বরে তাকে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত করে মার্কিন সিনেট। তিনি সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিস কাউন্সেলের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কর্মজীবনে তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে ছিলেন পিটার হাস। তার বিদায়ের পর কিছুদিন ঢাকায় রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। সে সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন নিয়মিত কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।