পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

0
24

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৪টার দিকে সাগরসহ আরও দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে। এরপর তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মাথা ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, পাবনা সদরের আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা বাড়ায় কৃষক ও খামারিরা আতঙ্কে রাত কাটাচ্ছেন। তাদের দাবি, প্রায়ই গরু চুরি হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা দেখা যায় না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে গরু চোর চক্র এলাকায় আসে বলেও তারা অভিযোগ করেন। আজ ধরা পড়ায় উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয় বলে স্থানীয়দের ভাষ্য।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গরু চুরি করতে এসে ওই যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ—অপরাধীকে আটক করে আইনের হাতে সোপর্দ করতে হবে।

উল্লেখ্য, সোমবার (১২ জানুয়ারি) রাতেও চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া এলাকা থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে। জেলাজুড়ে খামারিরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন।