সিলেট পর্ব শেষ হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বে নাটকীয়তা অনেকটাই কমে এসেছে। সোমবার রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ফলে তিন দলের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। তাই ঢাকায় অনুষ্ঠিতব্য শেষ ধাপে লিগের বাকি ম্যাচগুলো মূলত শেষ একটি প্লে-অফ জায়গা নিয়ে হিসাব-নিকাশের মঞ্চে পরিণত হয়েছে।
পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। আট ম্যাচে ছয় জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। চট্টগ্রাম রয়্যালস সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর নয় ম্যাচে পাঁচ জয় পাওয়া সিলেট টাইটান্সও ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।
এই তিন দলের পর সবচেয়ে বেশি আলোচনায় রংপুর রাইডার্স। আট ম্যাচে চার জয় ও চার হারে তাদের পয়েন্ট ৮ হলেও শেষ চারে ওঠার সুযোগ তাদের হাতেই আছে। কারণ ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস—দুই দলই আট ম্যাচে মাত্র দুটি করে জয় পেয়েছে। প্লে-অফে যেতে হলে তাদের শেষ দুটি ম্যাচই জিততে হবে, যা কঠিন সমীকরণ। বিশেষ করে উভয় দলকেই রংপুরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে হবে। এসব ম্যাচের যেকোনো একটিতে জিতলেই রংপুরের প্লে-অফ নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি ঢাকা ও নোয়াখালীর বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী চট্টগ্রাম রয়্যালসও।
লিগ পর্বও দ্রুত শেষের দিকে। ১৫ থেকে ১৭ জানুয়ারি—এই তিন দিনে রাউন্ড রবিন লিগের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব এবং ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এবারের বিপিএল শেষ হবে।