আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের শুনানিতে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সূত্র জানায়, চতুর্থ দিনে মোট ৭০টি আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৭ জনের আবেদন নামঞ্জুর হয়েছে।
এর আগে তৃতীয় দিনেও ৭০টি আবেদনের শুনানি হয়। সেদিন ৪০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি আগের দিনের একটি আপিলও মঞ্জুর করা হয়েছে। তৃতীয় দিনে ২৩টি আবেদন নামঞ্জুর হয়, ৫টি আবেদন অপেক্ষমাণ রাখা হয় এবং একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন।
শনিবার ও রোববার প্রথম দুই দিনে ১৩২টি আপিল শুনানি শেষে মোট ১০৯ জন প্রার্থী আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন।
ইসি সূত্র আরও জানায়, রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেছেন। কমিশন ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি করার কথা জানিয়েছে।