রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে গাড়িচাপায় পাম্প শ্রমিক নিহত

0
28

রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির একটি গাড়ির চাপায় পাম্প শ্রমিক রিপন সাহা নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। ফিলিং স্টেশনের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, একটি জিপগাড়ি এসে প্রায় ৫ হাজার টাকার তেল নেয়। পরে টাকা না দিয়ে চলে যেতে চাইলে রিপন গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় বলে তারা জানান।

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনকে তেল নিতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তেল নেওয়ার পর তিনি টাকা না দিয়ে চলে যান।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাতে ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল একটি জিপ। টাকা আদায়ের জন্য রিপন সাহা মহাসড়কের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর আরেক শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল বলেও জানান তিনি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।