চলে গেলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ

0
43

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ভুগছিলেন। আজ তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। সনি রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানা গেছে, ক্যানসারের পাশাপাশি ইলিয়াস জাভেদ হৃদরোগেও আক্রান্ত ছিলেন। জীবদ্দশায় তিনি দু’বার হার্ট অ্যাটাকের শিকার হন, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

চলচ্চিত্রে ইলিয়াস জাভেদের অভিষেক হয় ১৯৬৪ সালে উর্দু ভাষার ছবি ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে, যেখানে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার পর থেকেই দর্শকদের কাছে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শাবানা। আশির দশকে তিনি জনপ্রিয় চিত্রনায়কদের অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।

ইলিয়াস জাভেদের জন্ম ১৯৪৪ সালে আফগানিস্তানে। পরবর্তীতে তিনি পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তবে এ ইচ্ছা নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সব বাধা অতিক্রম করে তিনি পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন এবং এখানেই গড়ে তোলেন তার বর্ণাঢ্য চলচ্চিত্রজীবন।