বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিকী সহ-আয়োজক ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

0
40

গণতন্ত্রের প্রাণকেন্দ্র লন্ডনের ঐতিহাসিক সেন্ট্রাল হল, ওয়েস্টমিনস্টারে বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্বের এক গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করে সংস্থাটি।

মানবতা, শান্তি ও বৈশ্বিক সহযোগিতার প্রতি অবিচল অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক নেতৃত্বকে আরও দৃঢ়ভাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক আয়োজন বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অন্তর্ভুক্তি বাংলাদেশের মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ফাউন্ডেশনটি বৈশ্বিক মানবিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরেছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি) বলেন,
“এই স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি বাংলাদেশের মানবিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকারের সম্মিলিত স্বীকৃতি।”

এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরো, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক, যুক্তরাজ্য পার্লামেন্টের সিনিয়র সদস্য, হাউস অব লর্ডস-এর প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি) এবং ফাউন্ডেশনের যুব প্রতিনিধি হিসেবে তাঁর দুই কন্যা জান্নাতুন নূর ও জান্নাতুন নাঈম।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ৫৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন—যা অনুষ্ঠানটির বৈশ্বিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও স্পষ্ট করে তোলে।

প্রায় ৮০ বছর আগে এই সেন্ট্রাল হল, ওয়েস্টমিনস্টার থেকেই জাতিসংঘের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। ঠিক সেই একই স্থানে অনুষ্ঠিত ৮০তম বার্ষিকী উদযাপন নতুন করে বিশ্বশান্তি, মানবতা ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বৈশ্বিক আশার প্রতীক হয়ে উঠেছে।

এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের জন্য ইউএনএ–ইউকে (UNA-UK)-এর পক্ষ থেকে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন কিনিনমন্ট আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া ও ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনকে।

উল্লেখ্য, ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১৫টি দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেন—যা আন্তর্জাতিক অঙ্গনে তাঁর মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।