আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে—এটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের বৈঠকে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে সরকারি চাকরিজীবীরা ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ভোটের পরের দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিনের টানা অবকাশ পাবেন। অন্যদিকে শিল্পাঞ্চলের শ্রমিকেরা ১০ ফেব্রুয়ারি ছুটির পাশাপাশি নির্বাচনের দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।