নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে কুমিল্লায় বিএনপি নেতার মৃত্যু

0
47

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মো. মমিন মিয়া।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।