নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নিহতদের বিষয়টি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। একই গ্রামের রমেসের ছেলে সামন্ত আহত হয়েছেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আরএমও ইমরুল কায়েস জানান, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।