মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে: তারেক রহমান

0
33
মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে: তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন, যাদেরকে বাংলাদেশের মানুষ “গুপ্ত” হিসেবে চেনে, তাদের লোকজন দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিল তৈরি করছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় তারেক রহমান বলেন, “এই গুপ্তের দল, এই জালেমের দল” দাবি করছে তারা সৎ মানুষের শাসন কায়েম করবে, কিন্তু তাদের শুরুটাই হচ্ছে অনৈতিক কাজ দিয়ে। তার অভিযোগ, মানুষের ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্যে তারা অনৈতিক পদ্ধতি অবলম্বন করছে।

মা-বোনদের অপমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ঘটনার পর তারা আবার বলছে—এটা তারা করেনি এবং তাদের আইডি হ্যাক হয়েছিল। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান দাবি করেন, আইডি হ্যাক হয়নি; ধরা পড়ার পর তারা একের পর এক মিথ্যা কথা বলা শুরু করেছে।

এর আগে বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। পরে গাড়িবহর নিয়ে তিনি বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে যান এবং বেলা ১২টা ২৭ মিনিটে মঞ্চে উপস্থিত হন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

তার আগমন ঘিরে বরিশাল নগরীতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বেলস পার্ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই বেলস পার্ক ও পার্শ্ববর্তী এলাকায় বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন এবং বরিশাল জিলা স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য দেন। দীর্ঘ বিরতি শেষে এবার তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে বরিশাল সফর করেন।