মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক-বিস্ফোরক উদ্ধার

0
38
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক-বিস্ফোরক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওন (২৩)সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে শাওন ও তার চার সহযোগীকে আটক করা হয়। শাওনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পলাতক থাকার অভিযোগ রয়েছে। সূত্র আরও জানায়, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাওনকে প্রকাশ্যে হত্যা করতে দেখা যায়।

শাওন ছাড়া আটক অপর চারজন হলেন আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) এবং বেলাল (৩৬)।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর তাকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে গত বছর কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বলেন, “গতরাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।