রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পেয়ে এবং শৌচাগারটি ভেতর থেকে দীর্ঘসময় তালাবদ্ধ থাকায় বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ শৌচাগারের তালা ভেঙে তাঁকে নিথর অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক পর্যবেক্ষণ ও পুলিশের ধারণা অনুযায়ী, শৌচাগারে থাকা অবস্থায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতেই তিনি এই দুর্ঘটনার শিকার হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলী মামুদ সাংবাদিকতা জগতে একজন সৎ ও মিষ্টভাষী মানুষ হিসেবে অত্যন্ত সমাদৃত ছিলেন। দৈনিক দিনকালের নগর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপির মিডিয়া সেলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
পেশাগত জীবনে তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।