আসন্ন পবিত্র রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের বিপুল জনসমর্থনের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহির প্রত্যাশার বিষয়টি গুরুত্ব দিতে বলেছেন। একই সঙ্গে যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের এবং দুর্নীতির প্রশ্নে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী নুর জানান, বৈঠকে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি সেহরি, ইফতার ও তারাবির সময়ে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কিছু ‘দৃশ্যমান’ কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসবের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড উদ্যোগের অগ্রগতি নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং দ্রুত কী করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
দুটি মন্ত্রণালয়ের দায়িত্বের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী নুর বলেন, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। বিভিন্ন কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি বাজারে ছন্দপতন হয়েছে উল্লেখ করে তিনি বৈঠকে প্রস্তাব দিয়েছেন—শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী যদি মধ্যপ্রাচ্য সফর করেন, তা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেও কিছু পরামর্শ পাওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করবে বলেও বৈঠক শেষে জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।