বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেই অবসরে যেতে চান নেইমার

0
23
বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেই অবসরে যেতে চান নেইমার

অসাধারণ প্রতিভা নিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করলেও বারবার ইনজুরির ধাক্কা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের কাঙ্ক্ষিত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বয়স মাত্র ৩৪ হলেও ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। তবে তার আগে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর এই তারকা ফরোয়ার্ড।

গত বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ঠিকানা সান্তোসে ফিরে যান নেইমার। তবে সেখানেও চোট তার পিছু ছাড়েনি। কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচারের পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। সান্তোসে থাকবেন কি না—এমন দোলাচলের মাঝেই ২০২৬ সালের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি সেরেছেন নেইমার। মূলত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশায় দ্রুততম সময়ের মধ্যে চোট কাটিয়ে ওঠার তাড়না ছিল তার। সম্প্রতি নিজের অবসর পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান চ্যানেল ‘কেজ’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি জানি না এই সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কেও ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাই। আমি এখন বছর ধরে ধরে চিন্তা করছি। হৃদয় কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। অবসরের সিদ্ধান্তটি নির্ভর করছে বছরের শেষ নাগাদ হৃদয় কোনদিকে সাড়া দেয় তার ওপর।’

তবে পেশাদার ফুটবল ক্যারিয়ার ছাড়ার আগে বিশ্বকাপসহ চলতি বছরের পুরোটা জুড়ে নিজের শতভাগ উজাড় করে দিতে চান নেইমার। অবশ্য এ জন্য চোটমুক্ত থাকাটা জরুরি হবে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। নেইমার বলেন, ‘এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, কেবল সান্তোসের জন্যই নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। যেহেতু বছরটি বিশ্বকাপের এবং আমার জন্যও। আমি এই বছরের শতভাগ সময় খেলতে চাই।’

গত ডিসেম্বরে হাঁটুর সার্জারি সারিয়ে গত সপ্তাহে বদলি হিসেবে সান্তোসের জার্সিতে মাঠে নামেন নেইমার। সেই ম্যাচে ৬-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় সেলেসাও ক্লাবটি এবং পোলিস্তা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮টি ম্যাচে ৭৯ গোল করেছেন। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমার ইতোমধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছেন।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচে এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েন নেইমার। ফলে সৌদি আরবের আল হিলালে থাকাকালীন প্রায় এক বছর মাঠের বাইরে কাটাতে হয় তাকে। চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরোপুরি ইনজুরিমুক্ত হতে পারেননি তিনি। এ কারণে বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াড ঘোষণার সময় বারবার ছিটকে গেছেন নেইমার। তবুও আরেকটি বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি তিনি। যদিও কোচ আনচেলত্তি বারবারই জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেস থাকাটা অপরিহার্য।