পুলিশের শীর্ষ পদে বড় রদবদল আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
9
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের উচ্চপর্যায়ে বড় পরিবর্তন কি শিগগিরই আসবে, নাকি আরও দেরি হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা সময়সীমা তিনি জানাননি।

সম্প্রতি রাজধানীর আদাবরে চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী অধিবেশনের কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সামারি প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন।’ তিনি আরও জানান, আজকের সভায় প্রথম অধিবেশনের কর্মসূচি, কার্যসূচি ও অর্ডার অব দ্য ডে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশ বাহিনীতে একাধিক দফায় রদবদল হলেও নির্বাচিত নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হবে পুলিশের শীর্ষ পর্যায়ে প্রথম বড় কাঠামোগত পরিবর্তন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনআস্থা পুনর্গঠনে এই রদবদল কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।