পিলখানা বিডিআর বিদ্রোহে নতুন শক্তিশালী তদন্ত কমিশনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

0
6
পিলখানা বিডিআর বিদ্রোহে নতুন শক্তিশালী তদন্ত কমিশনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন ও শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই কলঙ্কজনক ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

বিডিআর বিদ্রোহ নিয়ে আগের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে নতুন করে আরেকটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও ঘটনাটি পুনঃতদন্তের প্রতিশ্রুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি সংবেদনশীল হওয়ায় আপাতত এর বেশি বিস্তারিত বলা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে সংস্কার করে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিডিআর বিদ্রোহের মতো ঘটনার স্বচ্ছ তদন্তের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

এ সময় ‘মব কালচার’ বা গণপিটুনি এবং দাবি আদায়ের নামে সড়ক অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এখন থেকে যেকোনো দাবি আইনানুগ পদ্ধতিতে উপস্থাপন করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পুলিশের চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে প্রক্রিয়া ছিল, তা বাতিল করা হয়েছে। এখন থেকে সার্ভিস রেকর্ড, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। জেলা পুলিশ সুপারদের রাজনৈতিক প্রটোকল না দিয়ে কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।