‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
6
‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি, ডাটাবেজ হালনাগাদ, উপকারভোগী চিহ্নিতকরণ এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সমন্বিত পরিবারভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি নির্দেশনা দেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনিয়ম বা ভুয়া নিবন্ধন প্রতিরোধে কঠোর নজরদারি চালুর কথাও উল্লেখ করেন তিনি।

সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে নির্দিষ্ট পণ্য ও সহায়তা সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানানো হয়, শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের বিস্তারিত নির্দেশিকা ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হবে।