রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

0
13
রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ঘরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে সংঘটিত এ ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক রহমানের সঙ্গে একই গ্রামের সমবয়সী আতিকের বাকবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কি একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় আতিক ক্ষিপ্ত হয়ে তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তারেক রহমান ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।