বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

0
18
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা রয়েছে দূষণের কবলে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৫৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কোর ছিল ২৪৬, সেটিও একই শ্রেণিতে পড়ে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২২৫—এটিও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। তবে দেশটির করাচিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১৩৪ স্কোর নিয়ে শহরটি রয়েছে নবম অবস্থানে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য।

ভারতের দিল্লি ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। একই দেশের কলকাতা ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু পঞ্চম, ১৭২ স্কোর নিয়ে সেনেগালের ডাকার ষষ্ঠ, ১৫৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় সপ্তম এবং ১৫৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন অষ্টম স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’—এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত, যা সবার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here